বিনা বেতনেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জয় ও সালমান এফ রহমান!

বেতন ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)(এ) -এ প্রদত্ত ক্ষমতাবলে ০২ মাঘ ১৪২৫/১৫ জানুয়ারি ২০১৯ তারিখে জনাব সজীব আহমেদ ওয়াজেদকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেছেন এবং সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পুত্র জয় এর আগেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

এদিকে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।