শেষ হয়েছে বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম পর্বের খেলা। ১৫ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা। প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকায় রাজত্ব ধরে রেখেছে ঢাকা ডায়নামাইটস। শক্তিশালী ঢাকার একচ্ছত্র আধিপত্যর বিপরীতে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান খুলনা টাইটান্সের।

অপ্রতিরোধ্য ঢাকার টানা চতুর্থ জয় প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ঢাকা ডায়নামাইটস। প্রথম পর্বে রাজত্ব করা ঢাকা ডায়নামাইটস পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই শুরু করবে আসরের দ্বিতীয় পর্ব। ঢাকায় অনুষ্ঠেয় আসরের প্রথম পর্ব শেষে ৪ ম্যাচের সবকয়টিতে জিতে দলটির পয়েন্ট ৮। নেট রান রেটেও (২.৭৭৫) সবার থেকে এগিয়ে দলটি।প্রথম পর্বের শেষ ম্যাচে বিপিএলের বর্তমান শিরোপা জয়ী দল রংপুরকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ উইকেটের বিনিময়ে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে ওঠে এসেছে চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহিমের দলটি ৪ ম্যাচ থেকে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ঢাকার পরের অবস্থানেই।
সমান দুই ম্যাচ করে জিতে তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। নেট রান রেটের হিসেবে পয়েন্ট তালিকায় অবস্থান নির্ধারণ হয়েছে দলগুলোর।
আসরে এখনো অবধি ৩ ম্যাচ খেলে ১ জয়ের মুখ দেখেছে সিলেট সিক্সার্স। আর একমাত্র জয়ের সম্বল নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে নিজেদের ধরে রেখেছে ডেভিড ওয়ার্নার ও তার সতীর্থরা। অন্যদিকে, তালিকার তলানিতে যথারীতি রয়েছে খুলনা টাইটান্স।
বিপিএল ২০১৯ আসরে ৪টি ম্যাচ খেলে ফেললেও একটিতেও জিততে পারেনি দলটি। এর ফলে -১.৫৪২ নেট রান নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে রয়েছে দলটি। সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর
