এবার দলে ডাক পেলেন ইনজামামের ‘কোরআনে হাফেজ’ ছেলে

এর আগেও ইনজামাম উল হকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছিল। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এখন দেশটির জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক। ভাতিজা ইমাম উল হককে দলে নিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। তবে নিজ যোগ্যতায় পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন ইমাম।

এবার নিজের ছেলেকে দলে নিতে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে ইনজির বিরুদ্ধে। আর অভিযোগটি করেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক কাদির আলী।

কাদিরের অভিযোগ, ছেলে ইবতিশাম উল হককে পাকিস্তান জুনিয়র (অনূর্ধ্ব-১৯) দলে নিতে নাকি বাসিত আলীকে ফোন করেছেন ইনজামাম। বাসিত আলী অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচক।

এদিকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন ইনজামাম। এই অভিযোগের প্রেক্ষিতে পিসিবি’র চেয়ারম্যানের কাছে তদন্তের দাবী জানিয়ে নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘আমি খুব শক্তভাবেই এই ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগকে অস্বীকার করছি। জুনিয়ার দলের নির্বাচকদের ওপর কেউ প্রভাব বিস্তার করেনি। এবং এর কোন সত্যতা নাই। আমি বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছি। পিসিবি’র চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আমি বিষয়টি নিয়ে প্রকাশ্যে তদন্ত করতে বলবো।’

প্রসংঙ্গত, দলে ডাক পাওয়া ইনজামামের ছেলে ইবতিশাম উল হক একজন কোরআনে হাফেজ। তিনি পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত খেলেছেন। এর আগে টুর্নামেন্ট সোরাও হয়েছেন। নিজের যোগ্যতা বলে জাতীয় দলের পথেও হাঁটছেন ইবতিশাম।