সফল অস্ত্রোপচার ম্যারাডোনার

ক’দিন আগে হাসপাতালে ভর্তি হন অসুস্থ ম্যারাডোনা। প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে ওঠেন তিনি। এরপর আবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়। সেবার খারাপ খবর পান তিনি। অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা। ম্যারাডোনাও দেরি করেননি। অস্ত্রোপচার করিয়ে নিয়েছেন। এরপর তার এজেন্ট জানিয়েছেন, সফল অস্ত্রোপচার হয়েছে তার। সুস্থ আছেন তিনি।

এক টুইট বার্তায় তার এজেন্ট নিশ্চিত করেন, ‘ম্যারাডোনা এখন সুস্থ আছেন। সফল অস্ত্রোপচার হয়েছে। দু:চিন্তার কিছু নেই। তিনি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।

অস্ত্রোপচার শেষে ম্যারাডোনা শারীরিক সুস্থতার দিকে এগোলেও মানসিক দিক থেকে তিনি কিছুটা ঝামেলার মধ্যে আছেন। বান্ধবী রোসিও অলিভারর সঙ্গে সম্পর্ক তেতে গেছে। হয়েছে ছাড়াছাড়ি। রোসিও রিভারপ্লেটের নারী দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এরপর ম্যারাডোনাকে তিনি শর্ত দেন, হয় মেক্সিকো ছাড়ো নয়তো আমাকে। বান্ধবীকে ছেড়ে মেক্সিকো থাকার সিদ্ধান্ত নেন বিশ্বকাপজয়ী এই তারকা।

রাশিয়া বিশ্বকাপের সময় ভিআইপি গ্যালারিতে দেখা মিলেছে তাদের দু’জনের। গেল বছর কলকাতায় আসেন একত্রে। কিন্তু যখন মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদোসের কোচ হন তিনি তখন বাধে গোল। এখন নিজের অসুস্থতার সময়ও পাশে পাচ্ছেন না সঙ্গীকে। অবশ্য ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার খুব একটা স্থায়ী না। আর তাই অসুস্থতা, বান্ধবীকে ছাড়া কদ্দিন মেক্সিকোয় পড়ে থাকেন এখন সেটাই দেখার বিষয়।সূত্র: সমকাল