এবারের বিপিএলের সবচেয়ে উত্তেজনাপূর্ন ম্যাচ দেখলো বিপিএল। খুলনার দেওয়া ১৫২ রানের টার্গেটে শেষ ওভারে প্রয়োজন ছিল চিটাগাংয়ের ১৯ রান। কিন্তু ১৮ রান তুলে নিয়ে ম্যাচ গড়ালো সুপার ওভারে।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আসরের প্রথম জয় পেতে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমেছিল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।
ভাইকিংস দলপতি মুশফিকুর রহিমের আমন্ত্রণে এদিন প্রথমে ব্যাট করে ডেভিড মালানের সর্বোচ্চ ৪৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি পেয়েছে রিয়াদ বাহিনী।
আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে খুলনাকে দারুণ সূচনা এনে দিয়েছেন পাকিস্তানী পেসার জুনায়েদ খান। চিটাগাংয়ের ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হেনেছেন এই পাকিস্তানী পেসার। আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার মোহাম্মদ শেহজাদকে ১০ রানে সাজঘরে ফিরিয়েছেন এই পাকিস্তানী বোলার।
শেহজাদকে শুরুতে হারালেও পাওয়ার প্লেতে ভালোই খেলেছেন ইয়াসির আলি এবং ক্যামেরন ডেলপোর্ট। তবে পাওয়ার প্লে শেষ না হতেই ভুল করে বসেছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেলপোর্ট। তাইজুল ইসলামকে রিভার্স সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ব্রাথওয়েটের হাতে ধরা পড়েন তিনি।
