কাজী হায়াতের জন্য সকলের দোয়া চাইলেন চিত্রনায়ক মারুফ

দেশের জনপ্রিয় চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ এখন উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কে আছেন। ঘাড়ের একটি রক্তনালি ব্লক হওয়ায় ২২ ডিসেম্বর তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।তার সঙ্গে আছেন তার স্ত্রী ও তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। হাসপাতালে বেশ আশঙ্কায় একেকটা দিন কাটছে তার।

মঙ্গলবার কাজী মারুফ ফেসবুকে হ্যান্ডেলে লিখেছেন, এখন থেকে ১২ অথবা ১৪ ঘণ্টা পর এনজিওগ্রাম করা হবে। আমার আব্বার ব্রেইনে দেখা হবে কতখানি ব্লক আছে। সবাই দোয়া করবেন যেন সার্জারি করার উপযুক্ত থাকে এবং উনি পূর্ণ সুস্থতা ফিরে পান।

কাজী মারুফ আরো লিখেছেন, শেষ ২৪ ঘণ্টা আমার জন্য অনেক কষ্টকর ছিল। আমি খুব অসহায় অনুভব করছিলাম, যদিও বাবার চিকিৎসার জন্য এখানকার বিশ্বসেরা স্বনামধন্য চিকিৎসকরা কাজ করছেন। আমার বাবার বিরুদ্ধে একটা কথা শুনতাম সব সময়, আমার আব্বা অনেক রাগী। যাদের ওপর রাগ করত, তাদের হয়তো ভালোওবাসত কোনোভাবে। আমার আসলে কিছু ভালো লাগছে না। জানি না, কেন আজ জীবনে প্রথমবার খুব অস্থিরতা অনুভব করছি।

জানা গেছে, গত বছরের মার্চে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হায়াৎ। সম্প্রতি আবারও অসুস্থ বোধ করছিলেন তিনি। ২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় তাঁর। এরপর গত বছরের জানুয়ারিতে আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর গত বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান তিনি।