বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ শুরু করেছে ঢাকা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল ঢাকা ডায়নামাইটস। আসরের দ্বিতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী কিংসকে ৮৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের লো-স্কোরিং দুই ইনিংসকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাকা সংগ্রহ করে ১৮৯ রান। দলকে উড়ন্ত সূচনা এনে দেন দলের দুই বিদেশি ওপেনার হজরতউল্লাহ জাজাই ও সুনীল নারাইন। জাজাইয়ের ব্যাটিং তাণ্ডবে অসহায় হয়ে পড়েন রাজশাহীর বোলাররা।

জাজাইকে ক্রিজে রেখেই প্রথম উইকেটের পতন ঘটে নারাইন আউট হলে। ২৮ বলে ৩৮ রান করে দলীয় ১১৬ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ৪১ বলে ৭৮ রান করা জাজাইও নারাইনের পথ ধরেন। ১২৭ রানে অধিনায়ক সাকিব আল হাসানকেও হারায় দল। এরপর ১২৮ রানে কাইরন পোলার্ড ও নুরুল হাসানও দ্রুত বিদায় নিলে কমে যায় রানের গতি।
রাজশাহীর পক্ষে আরাফাত সানি শিকার করেন দুটি উইকেট।
তবে শেষ দিকে শুভাগত হোমের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৯ রানের পুঁজি পায় ৫ উইকেট হারানো ঢাকা। ১৪ বল খেলে ৩৮ রানে অপরাজিত থাকেন শুভাগত।
জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীকেও ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন ওপেনাররা। কিন্তু মুমিনুল হক বিদায় নেন সাকিব আল হাসানের শিকার হয়ে। মোহাম্মদ হাফিজ ঝড়ো ব্যাটিং চালালেও সৌম্য সরকার ও লরি ইভান্স বিদায় নিলে তার রানের গতিও শ্লথ হয়ে যায়। তার বিদায়ের পর ঢাকার বোলিং তাণ্ডবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। একের পর এক উইকেট হারাতে থাকা দলটি ১০৬ রানে গুটিয়ে যায়, আরও ১০ বল বাকি থাকতেই। এতে ঢাকা পায় ৮৩ রানের বিশাল জয়।
ঢাকার পক্ষে রুবেল হোসেন শিকার করেন তিনটি উইকেট। এছাড়া মোহর শেখ তিনটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোরঢাকা ডায়নামাইটস ১৮৯/৫ (২০ ওভার)
জাজাই ৭৮, শুভাগত ৩৮*, নারাইন ৩৮
সানি ২৩/২, হাফিজ ১৫/১
রাজশাহী কিংস ১০৬/১০ (১৮.২ ওভার)
হাফিজ ২৯, ইভান্স ১০
রুবেল ৭/৩, মোহর ২৪/২
ফল: ঢাকা ডায়নামাইটস ৮৩ রানে জয়ী।সূত্র স্পোর্টসনিউস টোয়েন্টিফোর
