অধিনায়কত্ব পাওয়ার পর নতুন করে যা ভাবছেন মিরাজ

আগামী ৫ই জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। আর এই আসরে রাজশাহী কিংসকে নেতৃত্ব দিবেন ২১ বছর বয়সী বাংলাদেশের দলের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিবেন তিনি।

এর আগে অনূর্ধ্ব ঊনিশ দলের হয়ে বিশ্বকাপে এবং দেশের বয়সভিত্তিক ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছেন মিরাজ। সেসব অভিজ্ঞতায় এবার বিপিএলে কাজে লাগবে তার। একইসঙ্গে প্রথমবারের মতো এত বড় টুর্নামেন্টে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন বলেই জানিয়েছেন মিরাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ। এমন বড় টুর্নামেন্টে আমার এর আগে কখনো অধিনায়কত্ব করা হয়নি। আপনারা জানেন যে আমি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অধিনায়কত্ব করেছি, দেশের জন্য। সেখানে বয়স কিন্তু সীমিত থাকে। তবে এখানে কিন্তু অনেক ধরনের অভিজ্ঞ ক্রিকেটার থাকে। বিভিন্ন দেশের ক্রিকেটার এবং বাংলাদেশিরা থাকে।’

তিনি আরো বলেন, ‘এটি অনেক বড় একটি টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় এটি অনেক বড় অভিজ্ঞতা আমার জন্য। আমার জন্য একটি ভালো সুযোগ এটি। চেষ্টা করবো আমার শতভাগ দেয়ার জন্য। আমার বিগত যে অভিজ্ঞতা আছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে, এরপর বয়সভিত্তিক লেভেলে যে অধিনায়কত্ব করেছি সেই অভিজ্ঞতা আমার কাজে লাগবে আশা করি।’সূত্র স্পোর্টসনিউস টোয়েন্টিফোর