শুটিংয়ে ফিছেন না শাকিব খান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্বাচনের আগে কয়েকদিন শুটিং করেননি ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। এরইমধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশও হয়েছে। তবে এখনই শুটিংয়ে ফিরবেন না এই তারকা।

শাকিব খান বলেন, কয়েকদিনের বিরতি নিয়েছি। শুটিং কয়েকদিন পরই শুরু করতে চাই। এরমধ্যে চেকআপের জন্য দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে শারীরিক চেকআপ সম্পন্ন করে দেশে ফিরে আবারো কাজ শুরু করবো। নতুন বছরে নতুন কাজ দর্শকদের উপহার দিতে চাই।

এদিকে শাকিব খান ঢাকার গুলশানের বাসিন্দা হওয়ায় তিনি ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে গত রোববার বেলা তিনটার পর রিকশায় চড়ে তার মা রেজিয়া বেগমকে নিয়ে গুলশান মডেল স্কুল ভোটকেন্দ্রে যান। সে সময় বেশ উৎফুল্ল ছিলেন এই তারকা। ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে হাসিমুখে মাকে নিয়ে বের হয়ে আসেন শাকিব খান।

শাকিব খান বর্তমানে দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এগুলো হচ্ছে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ও শামীম আহমেদ রনীর ‘শাহেনশাহ’। এরইমধ্যে ছবিগুলোর বেশিরভাগ কাজ শেষ হয়েছে। এছাড়া নতুন বছরে কাজী হায়াতের পরিচালনায় ‘বীর’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করার কথা রয়েছে তার।