পরিবারতন্ত্রের অসামান্য এক স্থান বলিউড। এই বিশাল ইন্ডাস্ট্রির এক বড় অংশ জুড়ে থাকেন তারকাদের সন্তানরা। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে বলিউডকে ‘ফ্যামিলি বিজনেস’ করে তুলতে পেরেছে বেশ কয়েকটি পরিবার। শুধু তাই নয়, নির্দিষ্ট পরিবারের বাইরের তারকাদের সন্তানরাও নতুন পরিবার তৈরির দিকে এগিয়ে যাচ্ছেন। এদের জন্য বলিউডও রীতিমতো মঞ্চ তৈরি করে ফেলেছে।
এই যেমন জাহ্নবী কাপুর বা সারা আলি খানের মতো বলিউড তারকার মেয়েরা রূপালি পর্দায় ইতিমধ্যেই সাড়া ফেলেছেন। যদিও এখনো অপেক্ষায় আছেন শাহরুখ খানের মেয়ে সুহানা। বর্তমানে ম্যাগাজিনের জন্য প্রচ্ছদ ফটোশুটে ব্যস্ত সুহানা। তবে এ তারকা কন্যা কোন ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখবেন, তা নিয়ে দর্শকের মনে কৌতূহল কম নয়।
কিন্তু বলিউডে একজন রয়েছেন, যিনি শাহরুখ কন্যার সঙ্গে কাজ করতে ভীষণভাবে মরিয়া। তিনি হলেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর। করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে এরকমই ইচ্ছার কথা প্রকাশ করেছেন হর্ষ।
করণ তার চ্যাট শোতে হর্ষকে জিজ্ঞাসা করেন, তিনি রাম হলে তার লীলা কে হবেন? একটুও না ভেবে হর্ষ জানান সুহানা খান হবে তার লীলা। তবে আচমকা তিনি কেন সুহানার নাম নিলেন, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
হর্ষবর্ধনকে প্রথম পর্দায় দেখা যায় ‘ভাবেশ যোশী সুপারহিরো’। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি, কিন্তু হর্ষের অভিনয় মনে ধরেছিল চলচ্চিত্র সমালোচকদের মনে। অন্যদিকে, সুহানাকে নিয়েও বলিউডের জল্পনা কম নয়। শাহরুখ কন্যা বলিউডে কবে পা রাখবেন এবং কোন ছবি দিয়ে তিনি তার ডেবিউ করবেন তা নিয়ে বিভিন্ন গুজব বলিউডের অন্দরে ঘুরপাক খাচ্ছে।
