টাঙ্গাইলের গোপালপুরে হাজী আব্দুল আজিজ নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশখাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল আজিজ ওই এলাকার ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজন নগদা শিমলা বাইশখাইল এলাকায় আব্দুল আজিজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে।

জেলা বিএনপির সভাপতি ও এই আসনের প্রার্থী সুলতাল সালাউদ্দিন টুকুর বড় ভাই শামছুল আলম তোফা বলেন, ‘সকালে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রে যাওয়ার সময় নৌকা সমর্থিতরা তাকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হবে।’
গোপালপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’
