শেষমূহুর্তে ডিএমপি কমিশনারের কঠোর হুশিয়ারি

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি একটি মহল অপপ্রচার ও গুজব রটাচ্ছে। ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা, ভীতিকর পরিবেশ সৃষ্টি, জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের সামান্য চেষ্টা হলেও কঠোরভাবে দমন করা হবে।

শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি।

তবে সে বিবেচনাই সমগ্র ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। তাই ঢাকা মহানগরীতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।

তিনি বলেন, স্বশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব পুলিশসহ সকল বাহিনী মিলে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্র ভিত্তিক নিরাপত্তা থাকবে। মোবাইল টহল টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকসহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোটাররা যেন নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল টহল চলছে। ভোট চলাকালে কোনো ধরনের যাতে গোলযোগ, পেশীশক্তির ব্যবহার যাতে না হয়, কেউ যেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভোটারদের উপর প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য আমরা সতর্ক রয়েছি। আমাদের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।