অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও ৭২ বছরের পুরানো লজ্জার রেকর্ড গড়লো ভারত

চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টাতে মাঠে নেমেছে দুই দল অস্ট্রেলিয়া ও ভারত। যেখানে আগের দুই ম্যাচ ১-১ এ সমতা থাকাতে এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে বদ্ধপরিকর দুই দলই। মেলবোর্নে চলমান এই টেস্টে নিজেদের দাপট দেখিয়ে সেই পথে বেশ খানিকটা এগিয়ে গেছে ভিরাট কোহলির দল। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে সাক্ষী হতে হয়েছে এক লজ্জার রেকর্ডের, যা ফিরিয়ে এনেছে ৭২ বছর আগের স্মৃতি।

অজিদের সাথে ওদেরই ঘরের মাটিতে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ৪৪৩ রানে ইনিংস ঘোষণার পর মাত্র ১৫১ রানেই প্রতিপক্ষকে আটকে ফেলে সফরকারী ভারত। ফলে ম্যচের শুরুর অংশেই এগিয়ে যায় ২৯২ রানের বিশাল ব্যবধানে। এরপর অস্ট্রেলিয়াকে ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে কোচ রবি শাস্ত্রীর শিষ্যরা। তবে ব্যাট করতে নেমে সাক্ষী হতে হয় লজ্জার এই রেকর্ডের।

তখন (শুক্রবার) বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। ১৫১ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পরে প্রতিপক্ষ পেসার প্যাট কামিন্সের বোলিং তোপের মুখে পড়ে ধ্বস নামে ভারতীয় ব্যাটিং লাইন-আপে। মাত্র ৬ রানের মধ্যে মিডল অর্ডার (৩ থেকে ৬ নম্বর) গুঁড়িয়ে যায় সফরকারীদের। আর এতেই সঙ্গী হতে হয় লজ্জার এক রেকর্ডের। কেননা দেশটির মিডল অর্ডারের এই ব্যর্থতা শেষ ৭২ বছরে দেখা যায়নি।

শেষবার এই অল্প সংখ্যক রানে ভারতের মিডল অর্ডার গুটিয়ে গিয়েছিল ১৯৪৬ সালে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে ৬ রানে শেষ হয়ে যায় ভারতের মিডল অর্ডার। এরপর ১৯৬৯ সালে একই ঘটনার মধ্য দিয়ে গেলেও সেবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কোর বোর্ডে উঠেছিলো ৯ রান। এরপর ১৯৮৩ সালেও এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল আহমেদাবাদে। সেবার ভারত খেলছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে।

ম্যাচের প্রথম ইনিংসে ভারতের হয়ে দুই সর্বোচ্চ স্কোরার চেতেশ্বর পূজারা ও ভিরাট কোহলি এদিন কোনও রান না করেই ফিরে যান। এমনকি আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মার ব্যাট থেকে আসে যথাক্রমে ১ ও ৫ রান। এদিন অজি বোলারদের মধ্যে মাত করেন প্যাট কামিন্স। ৬ ওভার হাত ঘুরিয়ে তুলে নেন চার উইকেট।