আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেমএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ৩০ ডিসেম্বরে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আর্ল রবার্ট মিলার বলেন, তারা আশা করেন যে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশে সবার অধিকার থাকবে। গণতান্ত্রিক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকবে। সবার জন্য সমান অধিকার থাকবে। সভা-সমাবেশ, মিছিল, মিটিংয়ের অধিকার থাকবে। এখন পর্যন্ত যে সহিংসতা হয়েছে তাতে তারা উদ্বিগ্ন। ভোটের দিন অধিক মাত্রায় সহিংসতার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ জন্য ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে বিকেল ৪টার দিকে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে যান। সেখানে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল।
এর আগে গত ১১ ডিসেম্বরও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
