অভিনেতা শিবা শানু গ্রেফতার

রাজধানীর পল্টন থানা এলাকায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেফতার হন চলচ্চিত্র অভিনেতা ও বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজহার আলী ওরফে শিবা সানু।

একই সঙ্গে আরো চারজনকে আটক করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্য তিন আসামি হলেন- বিএনপি কর্মী জাহিরুল ইসলাম বাশার, এম এ সেলিম মাহমুদ ও মাসুদ আলী স্বপন।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর পল্টন এলাকায় পুলিশের কাজে বাধা, ইট-পাটকেল নিক্ষেপের একটি মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক শাহীন আলম।

অন্যদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া তাদের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ্য করেন, ২০১৭ সালের ৩১ অক্টোবর আসামিরা হঠাৎ করে কোনো রকম অনুমোদন না নিয়ে পল্টন থানাধীন নয়াপল্টনস্থ হোটেল ভিক্টরির সামনে ভিআইপি রোড বন্ধ করে রাস্তায় ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে।

মামলার বাদী ও তার সঙ্গীয় ফোর্সসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার যাতায়াতের নিরাপত্তা ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য আসামিদের রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি না করায় অনুরোধ করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাজে বাধা, ইট-পাটকেল নিক্ষেপ করে। ওই আসামিরা মামলার এজহার নামীয় আসামি। তাদের স্বভাব চরিত্র ভালো নয়। তারা বিএনপির উচ্ছৃঙ্খল কর্মী।

তারা সুকৌশলে বিভিন্ন ধরনের নাশকতা করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সহযোগী মামলার এজহার নামীয় ও পলাতক অপরাপর উচ্ছৃঙ্খল আসামি নেতা-কর্মীদের নাম, ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতারের নিমিত্তে আসামিদের ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।