সফরকারী ওয়েস্ট ইন্ডিজ সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে। বলা যায়, ক্যারিবীয়ানরা চালকের আসনে বসে গেছে। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। তাই সিরিজ বাঁচাতে আজ বাংলাদেশের সামনে জয়ের কোনও বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মিরপুর টাইগারদের হোমগ্রাউন্ড এবং দীর্ঘদিনের চেনা। নিজেদের চেনা উইকেটের চরিত্র কেমন হবে তা আগে থেকে বলা মুশকিল। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সামনে চ্যালেঞ্জ শুধু ক্যারিবীয় পেসাররাই নয়, মিরপুরের উইকেটের রহস্যকে মোকাবেলা করতে হবে সাকিব বাহিনীকে।
তবে আরেকটি বিষয়ও ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। সেটা হলো আবহাওয়া। গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শেষে হঠাৎ নামা ঠাণ্ডা চিন্তায় ফেলে দিয়েছে স্বাগতিকদের।
এনিয়ে বুধবার (১৯ ডিসেম্বর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন, ‘এমন আবহাওয়ায় পেস বোলাররা একটু কার্যকর থাকে। আমাদের ওভাবে সামলাতে হবে। শুরুতে আমাদের কিছু ওভার দেখতে হবে। আবার টি-টুয়েন্টির মেজাজ বুঝেও খেলতে হবে।’
এদিকে মিরপুরের উইকেটকে ‘আনপ্রেডিক্টেবল’ বললেও আশার কথাই শুনিয়ে সৌম্য বলেন, ‘এই মাঠ তো বিশ্রাম পেয়েছে। একই মাঠে টানা খেলা হলে হয়তো মাঠ-কর্মীরা সময় কম পেতেন। এখানে তো সময় পেয়েছে উইকেট তৈরি করতে। আমার কাছে মনে হয় না উইকেট নিয়ে সমস্যা হবে।’
এদিকে, টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, সাকিবের নাকি জ্বর হয়েছে। কিন্তু জ্বর ঠিক কী ধরনের তা জানার জন্য আজ সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাকিবের শারীরিক অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘সর্দি-কাশি নেই। অন্য কোনো লক্ষণও বোঝা যাচ্ছে না। শুধু গা গরম হয়েছে। তবে তাপমাত্রা খুব বেশি না। ১০০-র মতো। রাতে অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া যাবে ওষুধ খেতে হবে কি না।’
প্রথম ম্যাচে একাই ক্যারিবীয়দের বিপক্ষে লড়েছেন সাকিব। খেলেছেন ৬১ রানের দারুণ এক ইনিংস। যদি তিনি মাঠে নামতে না পারেন তাহলে তা বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ।
যাই হোক আজ লড়াই করতে হবে টাইগারদেরকে। সিলেটে ব্যাটে-বলে যে আগ্রাসী ওয়েস্ট ইন্ডিজকে দেখা গেল, তাতে তাদের সামলাতে সঠিক পরিকল্পনা নিয়ে নামতে হবে টাইগারদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (সহ-অধিনায়ক), আরিফুল হক, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
