ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সেই ছাত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। দীর্ঘ সাত বছর প্রেমের পর তারা আনুষ্ঠানিক সম্পর্কে জড়িয়েছেন।
রোববার সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার রাতে চিত্রনায়ক সিয়ামের গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার রাতে সিয়ামের রাজারবাগের বাসায় ঘরোয়া আয়োজনে আরেকটি গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, বন্ধুর বোন শাম্মা রুশাফির সঙ্গে নয় বছরের পরিচয় চিত্রনায়ক সিয়ামের। আর সাত বছর তাদের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে তাঁরা জীবনসঙ্গী হিসেবে শুরু করতে যাচ্ছেন সংসারজীবন। আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।

পড়াশোনার পাশাপাশি কয়েক বছর আগে শুধু বিজ্ঞাপনচিত্র আর নাটকে অভিনয় করতেন সিয়াম। এ বছরে তার অভিষেক হয়েছে চলচ্চিত্রে। পরপর দুটি ছবি ব্যবসাসফল হওয়ায় দেশের তরুণদের মনে জায়গা করে নেন এই নায়ক। সিয়ামের অভিনয় ও ব্যক্তিত্বে অল্প সময়ে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকের আস্থায় পরিণত হন।

অনেক চলচ্চিত্র পরিচালক তাঁকে নিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহী হন। নটরডেম কলেজের সাবেক ছাত্র সিয়াম পড়াশোনায় ভীষণ মেধাবী। মা-বাবার ইচ্ছায় ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হয়ে সেখান থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরে অভিনয়ে পুরোদস্তুর জড়িয়ে পড়েন। অন্যদিকে ভিকারুননিসার ছাত্রী অবন্তী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে অনার্স শেষ করেছেন এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন।

এদিকে সিয়াম ও অবন্তীর বিয়ে নিয়ে সামাজিক যোগযোগের মাধ্যমে আলোচনা চলছে। দীর্ঘ প্রেমের পর সিয়ামের বিয়েকে ইতিবাচক হিসেবেই দেখছেন ভক্তরা। যদিও অনেক তরুণীর হৃদয় ভেঙে গেছে বলে মন্তব্য এসেছে স্যোসাল মিডিয়ায়।
