চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলীক জানান, আজ (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় ৩টার দিকে চিত্রনির্মাতা মারা গেছেন।
মৃত্যুর খবর জানিয়ে অলীক আরও বলেন, “আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।”
খোঁজ নিয়ে জানা যায়, বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ হোসেন প্রখ্যাত নিউরো সার্জন ডা. টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ২৭ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে ছিলেন দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান।
আমজাদ হোসেন ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যচর্চা শুরু করে। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন। তারপর আসেন চলচ্চিত্রে।
উল্লেখ্য, বর্ষীয়ান এ নির্মাতা গত ১৮ নভেম্বর সকালে স্ট্রোক করেন। এরপরই তাকে তেজগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর, নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে ভর্তির তিন দিনের মাথায় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নত চিকিৎসার খরচ বাবদ ৪০ লাখ টাকা পরিবারের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
আমজাদ হোসেন ১৯৬১ সালে ‘হারানো দিন’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। পরে তিনি চিত্রনাট্য রচনা ও নির্মাণে মনোনিবেশ করেন।
১৯৬৭ সালে আমজাদ হোসেন ‘আগুন নিয়ে খেলা’ নামে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন। ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’র মতো চলচ্চিত্র নির্মাণ করে বেশ প্রশংসিত হন তিনি।
‘গোলাপী এখন ট্রেনে’ ও ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া, শিল্পকলায় অবদানের জন্য সরকার তাকে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রদান করে।
ছোট্ট সেই গ্যারেজে মাত্র দুটি গাড়ি রাখার মতো জায়গা। গ্যারেজের ভেতরের দিকেই পড়ে আছে আমজাদ হোসেনের ব্যবহার করা গাড়িটি। গত ২৬ দিনে গাড়িটির ওপর ধুলার আস্তর জমে গেছে। দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেও গাড়িটির রং ছিল সিলভার কালারের। নিরাপত্তারক্ষী মোহাম্মদ আতাউর রহমান জানালেন, স্যার তো নাই। তাঁকে বিদেশে ট্রিটমেন্ট করাতে নেওয়া হয়েছে। স্যারের গাড়িও বের করা হয় না। তাই ধুলায় পুরা গাড়ির রংটাই এখন বদলে গেছে।
ঢাকার আদাবর ১০ নম্বর সড়কে অভিনয়শিল্পী ও বরেণ্য নির্মাতা আমজাদ হোসেনের বাড়িতে আজ শুক্রবার সন্ধ্যায় গেলে এমনটাই দেখা গেছে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসাসেবা দেওয়ার পরও বাঁচানো যায়নি আমজাদ হোসেনকে। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫৭ মিনিটে তিনি মারা যান। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুলের স্ত্রী রাশেদা আক্তার লাজুক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আদাবর ১০ নম্বর সড়কে আমজাদ হোসেনের তিনতলা বাড়িটি। বাড়িটির দোতলায় স্ত্রী সুরাইয়া আকতারসহ থাকতেন তিনি। আট বছর ধরে এই বাড়িতে নিরাপত্তারক্ষীর দায়িত্বে আছেন বরিশালের মোহাম্মদ আতাউর রহমান। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্যার আমারে খুব আদর করতেন। কখনো যদি ৫০ টাকা চাইতাম, এক শ টাকাই দিতেন। বাইরে থেকে যখন বাড়িতে ঢুকতেন, পুরো বাড়িটি গমগম করত। সবাইকে তিনি মাতিয়ে রাখতেন। মানুষকে খুব ভালোবাসতেন। গত ২৬ দিন ধরে তিনি বাড়িতে নাই। কেমন যেন খাঁ খাঁ করছে বাড়িটি। আজ বিকেলে তো মারা যাওয়ার খবরে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেছে। বাড়িটা যেন মৃত্যুপুরী। সুনসান নীরবতা। শুনছি স্যারে অসুখে অনেক কষ্টও পাইছেন। ’
দোতলায় উঠতেই কলিং বেলের শব্দে ভেতর থেকে দরজা খুলে দিল তাঁর নাতি আদি (সোহেল আরমানের ছেলে)। সে বলল, আমার দাদুর সঙ্গে দেখা করতে আসছেন? হ্যাঁ বলতেই জানাল, আসেন। ভেতরে বসেন। আপনি কি জানেন, আমার দাদু বিদেশে। তিনি অনেক অসুস্থ। ঘুমাচ্ছেন। ঘুম ভাঙলে দেশে আসবেন। আব্বুও দাদুর সঙ্গে সেখানে আছেন। আমাকে অনেক দিন আদর করেন না তিনি। আমার সঙ্গে খেলতেন।’মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কাছ থেকে দোয়া নিচ্ছেন আমজাদ হোসেন।মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কাছ থেকে দোয়া নিচ্ছেন আমজাদ হোসেন।গত ১৭ নভেম্বর নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে কাজে বের হয়েছিলেন আমজাদ হোসেন। কাজ শেষে রাতে বাসায় ফেরেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা টের পান, আমজাদ হোসেনের শারীরিক অবস্থা স্বাভাবিক না। গৃহপরিচারিকা দৌড় দিয়ে তিনতলায় যান, ছোট ছেলে সোহেল আরমানকে ডাকতে। ছেলে এসে কিছুক্ষণ কথা বলেই বুঝতে পারেন, তাঁর বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। দেরি না করে দ্রুত হাসপাতালের পথে ছোটেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ১৮ নভেম্বর আমজাদ হোসেনকে ঢাকার তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করানো হয়। একটা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা দিতে ২৭ নভেম্বর দিবাগত রাতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেওয়া হয়।
বসার ঘরের দুইদিকে আলমারিতে শোভা পাচ্ছে আমজাদ হোসেনের কিছু অর্জনের স্মারক। কর্মের জন্য অর্জিত সনদগুলো ফ্রেমে বাঁধাই করে ঝুলিয়ে রাখা হয়েছে বসা ঘরের দেওয়ালে। বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার—কি নেই! এমন সময় বসার ঘরে আসেন সোহেল আরমানের স্ত্রী পপি। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এখনো আমার শ্বশুরকে দেশে আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হাসপাতালের অনেক আনুষ্ঠানিকতা এখনো বাকি। আমার শাশুড়ির অবস্থাটাও ভালো না। আজ রাতেই হয়তো জানতে পারব, কখন বাবাকে (শ্বশুর) দেশে আনা হবে।’
পরিচালক আমজাদ হোসেনের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।
১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া তিনি আরও ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।
