বাংলাদেশের মুসলমানদের রক্ষা করতে ধানের শীষে ভোট চেয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার এক ঈমাম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী গণসংযোগে ভোট চান এলাকার পেশ ঈমাম মো. রফিকুল ইসলাম।
ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগ করেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। নিজ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগের পর মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও গ্রামে যান তিনি। সেখানে এক পথসভায় বক্তব্য দেওয়ার পর সূরা ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় এলাকার মসজিদের ঈমাম মো. রফিকুল ইসলাম মোনাজাত করেন।
মোনাজাতে দেশের উন্নয়ন, বিএনপির নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে মহান আল্লাহপাকের কাছে দোয়া করেন তিনি। মোনাজাতের এক পর্যায়ে মুসলমানদের রক্ষা করতে বিএনপিকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর কাছে আহ্বান জানান ঈমাম মো. রফিকুল ইসলাম।
মোনাজাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অংশ নেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, নারগুন ইউপি চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।–আমাদেরসময়
