সিলেটে জনসভার মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। তবে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের পর গণসংযোগের মাধ্যমে আজ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন ফ্রন্টের নেতারা।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেটের রেজিস্ট্রারি মাঠে জনসভার সব ধরনের প্রস্তুতি ছিল। তবে ওই স্থানে বুধবার কোনও জনসভা হবে না।
তিনি আরো বলেন, জনসভা হবে না। তবে সিলেট থেকে ধানের শীষের নির্বাচনি প্রচারণা শুরু হবে। এই প্রচারণার নেতৃত্ব দেবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগকালে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন নেতারা।
জানা গেছে, আজ দুপুর ১টার মধ্যে ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসবেন। এরপর তারা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।
