বাঁচতে চান কাজী হায়াৎ, শাকিবের ছবি অনিশ্চিত

দীর্ঘ কয়েক বছর ধরেই হৃদরোগ ও শরীরের বিভিন্ন অসুখে ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক কাজী হায়াৎ। চলতি বছরের শুরুতে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তখন কিছুটা ভালো বোধ করলেও সম্প্রতি আবারও অসুস্থ বোধ করছেন তিনি। জানালেন শরীরে রক্তচাপে সমস্যা হচ্ছে। তাই দ্রুতই দেশের বাইরে যাবেন এই খ্যাতিমান পরিচালক।

কাজী হায়াৎ বলেন, ‘আমার শরীরের অবস্থা ভালো নয়। বেশ কয়েক দিন ধরে শরীরে ব্লাড সার্কুলেশনের সমস্যা হচ্ছে। ঘাড়ের দিকে ফুলে যাচ্ছে। ডাক্তার বলেছেন, মাথায়ও ব্লাড সার্কুলেশন কম হচ্ছে। আবারও জরুরিভাবে একটি বাইপাস সার্জারি করাতে হবে। এখন আমার প্রয়োজন সরকারের সহযোগিতা। কারণ এত টাকা খরচ করে চিকিৎসা করানোর মতো অবস্থা আমার নেই। আমি বাঁচতে চাই, বাঁচার জন্য সহযোগিতা চাই।’

কাজী হায়াৎ আরো বলেন, ‘জাপান, আমেরিকা বা সিঙ্গাপুরে এই চিকিৎসাটা ভালো হয়। আমি আমেরিকায় চিকিৎসা করাতে চাই। সেখানে আমার ছেলে রয়েছে। আবার চিকিৎসা খরচও তুলনামূলকভাবে সেখানে কম।’

শাকিব খানকে নিয়ে ‘বীর’ শিরোনামে একটি চলচ্চিত্রের আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিচালকের অসুস্থতার কারণে সেই ছবির শুটিং এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘এখনো বলতে পারছি না, কবে থেকে কীভাবে শুটিং শুরু করব। চলতি মাসের শেষ সপ্তাহে আমি আমেরিকা যাব, তার আগে শাকিব খানের ছোটবেলার অংশ শুটিং করে যাব ভাবছিলাম। আমেরিকা থেকে ফিরে ১০ জানুয়ারি থেকে বাকি শুটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু এখন শরীরে যে অবস্থা, তাতে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।’

২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। এরপর ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় কাজী হায়াতের। এরপর গত বছরের জানুয়ারিতে আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর চলতি বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান কাজী হায়াৎ।