বরগুনা-২ আসনে অ্যাডভোকেট মাহবুব হোসেন চূড়ান্ত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় ভাইস-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে চুড়ান্ত মনোনয়নের চিঠি তাকে দেওয়া হয়।

এর আগে প্রাথমিকভাবে এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে খন্দকার মাহবুব হোসেন ও সাবেক সংসদ নুরুল ইসলাম মনিকে ভিন্ন ভিন্ন চিঠিতে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশনের বাছাইতেও তাদের দুজনের মনোনয়নপত্র বৈধতা পায়। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে খন্দকার মাহবুব হোসেনকে চুড়ান্তভাবে বরগুনা-২ আসনের একক প্রার্থী ঘোষণা করেছে।

তবে মনিপন্থী একাধিক নেতা মনে করছেন, বরগুনা-২ আসনটিকে এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হতো। পুণরায় এই আসনটি উদ্ধারের জন্য নুরুল ইসলাম মনির বিকল্প নেই।

এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন আমাদের সময়কে জানান, এ আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়াকে এ আসনটি উপহার দিতে চান।

পাথরঘাটা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল সিকদার সাহেদ জানান, আসন্ন নির্বাচনে দলীয় কোন্দল ভুলে একাট্টা ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে সবাই একসাথে কাজ করবে। আর এ লক্ষ্যে সকলের সাথে যোগাযোগ করা হচ্ছে।