
দেশসেরা ওপেনার ও তিন ফরম্যাটে দেশের সবচেয়ে সফল তামিম ইকবাল তো থাকবেনই। তার সঙ্গী হবেন কে? ইমরুল না সৌম্য? নাকি লিটন দাস?- এ প্রশ্ন এখন বাংলাদেশ সমর্থকদের মুখে।
নানা আলোচনা, পর্যালোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ চারিদিকে। তবে ভেতরের খবর টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকরা তামিম-লিটন নয়; তামিম-ইমরুলকেই বেঁছে নিতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে ৯ ডিসেম্বর দিবারাত্রির ম্যাচে মাশরাফি বাহিনীর ব্যাটিং সূচনা করতে নামবেন তামিম ও ইমরুল।
তাহলে লিটন দাসের কি হবে? একদম ভেতরের খবর প্রথম ম্যাচে দলেই থাকবেন না লিটন। খুব স্বাভাবিকভাবে চলে আসে সৌম্য প্রসঙ্গ। তাকে কি এরপরেও খেলানো হবে না? কিংবা খেললেও কোথায় নামবেন সৌম্য? তারও উত্তর আছে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন উদ্বোধনী জুটি তামিম-ইমরুলের, তিনে খেলবেন সৌম্য। প্রধান নির্বাচকের কাছে প্রশ্ন, মাঝে তিন নম্বরে প্রায় নিয়মিত খেলা সাকিব আল হাসান তাহলে কোথায় খেলবেন? নান্নুর জবাব, ‘সাকিব খেলবে পাঁচ নম্বরে।’
