স্ত্রীদের নিয়ে ভারত সফর শেষে দেশে ফিরলেন সেনা কর্মকর্তারা

সাত দিনের ভারত সফর শেষে রোববার দেশে ফিরেছে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের একটি বিশেষ প্রতিনিধি দল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

৫০ সদস্যের প্রতিনিধি দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ কর্মকর্তা ও তাঁদের স্ত্রীরা গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে ভারত সফরে যান। সফরকালে তাঁরা দিল্লি, আগ্রা ও কলকাতার দর্শনীয় ও ঐতিহাসিক বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।

আইএসপিআর জানায়, পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীরও এমন প্রতিনিধি দল বাংলাদেশে আসবে এবং এধরনের দ্বিপাক্ষিক সফর চলমান থাকবে।

আইএসপিআর আরো জানায়, বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয় দেশের সামরিক বাহিনীর সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নিতে দুই দেশের সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে দ্বিপাক্ষিক সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে প্রথম ধাপে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল ভারতে যান।