কক্সবাজার-৪ আসনের আলোচিত-সমালোচিত সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলায় বদির গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও অক্ষত আছেন তিনি।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার পর আব্দুর রহমান বদি বলেন, ‘আমাদের পিছনে একটি গাড়ি ছিল। পিছন থেকে গুলি করেছে।’ কে গুলি করেছে দেখেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের পাশ দিয়ে দুই জন দৌড়ে পালিয়ে গেছে। একজন মোটা করে আরেকজন হ্যাংলা।’

হামলাকারীরা কারা হতে পারে এমন প্রশ্নে বদি জানিয়েছেন, ‘একজন আব্দুল্লাহ আরেকজন তার শালা-টালা হতে পারে।’
বিগত নির্বাচনে কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ থেকে এমপি হলেও এবার তাকে দলের মনোনয়ন দেয়া হয়নি। তার পরিবর্তে স্ত্রী শাহীন চৌধুরীকে নৌকার প্রার্থী করা হয়েছে। ধারণা করা হয়, ইয়াবা কারবারির অভিযোগ আসার পর আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নিয়েছে।
ইয়াবা পাচার ঠেকাতে গত বছর কক্সবাজারের শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীদের ৫৪ জনের একটি হিটলিস্ট তৈরি করে প্রশাসন। তাদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি বিশেষ টাস্কফোর্সও গঠন করে। ওই তালিকায় নাম ছিল কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং তার নিকটাত্মীয়দের।
