সবাইকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

দ্রুততম সময়ে তিন হাজার টেস্ট রান আর ২০০ টেস্ট উইকেট দখলের রেকর্ড এখন সাকিবের দখলে। মাত্র ৫৪ টেস্টেই এই কীর্তি গড়েছেন তিনি। তার আগে এই রেকর্ড ছিল সাবেক ইংলিশ গ্রেট অলরাউন্ডার ইয়ান বোথামের দখলে।

বোথামের এই কীর্তি গড়তে লেগেছিল ৫৫ টেস্ট। ভারতীয় গ্রেট কপিল দেবের লেগেছিল ৭৩ ম্যাচ, পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ৭৫ আর কিউই গ্রেট রিচার্ড হ্যাডলির লেগেছিল ৮৩ ম্যাচ। আর সবমিলিয়ে ৩০০০ টেস্ট রান আর ২০০ টেস্ট উইকেটের দেখা পাওয়ার কীর্তিতে সাকিব নবম খেলোয়াড়।

ইনজুরি থেকে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েছিলেন সাকিব। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৫ রানে গুটিয়ে গিয়ে ক্যারিবীয়দের সামনে ২০৪ রানের টার্গেট ফিয়েছে টাইগাররা। এবার শুরুতেই বল করতে আসেন সাকিব।

নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান সাকিব। এরপর নিজের তৃতীয় ওভারে ফের উইকেটের পতন ঘটিয়ে উইন্ডিজকে চাপে ফেলে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার ওই জোড়া আঘাতের পর আরেক বাঁহাতি স্পিনার তাইজুলও জোড়া আঘাত হানলে ১১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে একই ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২০০ উইকেট পেয়েছেন সাকিব। এর আগে একমাত্র সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক ৩৩ ম্যাচে পেয়েছিলেন ১০০ উইকেট।