গ্যালারি খালি না রেখে আমাদের খেলা দেখতে দিলে কি হতো?

গায়ে স্কুল ড্রেস আর হাতে লাল সবুজের পতাকা নিয়ে কখনও এই প্রবেশ পথ, কখনও ওই প্রবেশ পথে গিয়ে চলছে মাঠে ঢোকার দেনদরবার।

বেরসিক বিসিবি কর্মকর্তাদের সায় না পেয়ে শেষ পর্যন্ত মিছিল-স্লোগানই শুরু করে দিল কেউ কেউ।

‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, দেখতে চাই দেখতে চাই-খেলা আমরা দেখতে চাই’ স্লোগানে তারা মুখরিত করে তুললো পুরো স্টেডিয়াম পাড়া।

অবশ্য তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে খেলা না দেখেই ফিরতে হলো নগরের কয়েকটি স্কুলের শ’খানেক ক্ষুদে শিক্ষার্থীকে। এদের মধ্যে কয়েকজনকে আটকেও রাখা হয় দীর্ঘক্ষণ।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রবেশপথে এ ঘটনা ঘটে।

কয়েকজন স্কুলশিক্ষার্থী জানান, টেস্ট ম্যাচে তেমন দর্শক না থাকায় নানা সময়ে বিসিবি ফ্রিতেই শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ করে দেয়। এজন্য ঘরের মাঠে সাকিব, মুশফিক, মুমিনুলদের খেলা দেখতে এসেছিলাম। কিন্তু টিকিট না থাকায় আমাদের ঢুকতে দেওয়া হয়নি।বিক্ষোভরত স্কুল শিক্ষার্থীরা।

পাহাড়তলী স্কুলের শিক্ষার্থী আকিব আহমেদ জানান, আমরা টিকিট কেনার টাকা পাবো কোথায়? গ্যালারি খালি না রেখে আমাদের খেলা দেখতে দিলে কী এমন সমস্যা হতো? অন্তত সাকিবদের জন্য হাততালি দিতে পারতাম।

মাঠে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় টিকিট ছাড়া আমরা কাউকে ঢুকতে দেইনি। যারা টিকিট ছাড়া এসেছিলো, নিরাপত্তার স্বার্থে তাদের আমরা সরিয়ে দিয়েছি।

তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে কাউকে আটকে রাখা হয়নি। কয়েকজনের স্কুল আইডি কার্ড ছিলো না। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।