সৌদি আরবের মরুভূমিতেও বন্যা! (ভিডিও)


অতিবৃষ্টিতে মরুভুমি এলাকায় বন্যা কল্পনা করাটাও বড্ড বেমানান। কিন্তু এই অসম্ভব ঘটনাই ঘটেছে সৌদি আরবের পূর্বাঞ্চলের মরুভূমিতে! সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, সেটা দেখলে এই ঘটনার সত্যতা মিলবে।

ভিডিওতে দেখা যায়, তপ্ত মরুভূমির মধ্যে প্রচণ্ড ঝড়বৃষ্টিতে হেঁটে চলেছে মরুভূমির জাহাজখ্যাত উটের দল। আর এসব পশুদের নেতৃত্ব দিচ্ছেন দুজন ব্যক্তি। তাদের হেঁটে চলার পথে পানির স্রোত প্রবাহিত হতে দেখা যায়।

সৌদি আরবের পূর্বাঞ্চলে কয়েকদিন ধরেই শীতল অবস্থা বিরাজ করছে। সোমবার ভারী বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া এবং ওই এলাকার মরুভূমির বালি ভিজে যেয়ে অনেকটা ভাসমান জলাশয়ে রূপ নেয়।

রাজধানী রিয়াদের উত্তরে তুমাইর রোডের পাশ থেকে আলোকচিত্রী ফাহাদ আল-ওসাইমি ওই ভিডিও ধারণ করেন। ভিডিও দেখা যাওয়া্ উটগুলোর মালিক আয়াদা আল মাসউদের এবং ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তার ছেলে আবেদ এল-এল মাসউদ।

ভিডিও ধারণকারী আল-ওসাইমি, আল অ্যারাবিয়াকে বলেন, তামিরের কেন্দ্রীয় অঞ্চলের দিকে একটি রাস্তার পাশে দেখতে পাই কিছু উট এবং তাদেরকে পথ দেখানো দুজন লোক প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে পড়েছেন। তারা প্রায় তিন কিলোমিটার দূর থেকে ভীত-সন্ত্রস্ত উটগুলোকে নিয়ে আসছিলেন ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরই ওই ভিডিও সৌদি আরবসহ দেশ বিদেশে ভাইরাল হয়ে পড়ে। এরপর সংবাদ ও ফিচার হয়ে ওঠে আসে বিভিন্ন গণমাধ্যমে।

সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে খুব খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।