আমার অতো যোগ্যতা নেই, নির্বাচন প্রশ্নে মুশফিক

কদিন বাদে অনুষ্ঠিত হবে একাদশ সংসদ নির্বাচন। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে লড়তে পারেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এর মধ্যেই দলটির মনোনয়ন ফরম তুলেছেন। নির্বাচনে লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব আল হাসানও।

পরে তাকে মনোনয়ন ফরম তুলতে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী। এ দিকে, বাংলাদেশ দলের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে নির্বাচনে লড়া বিষয়ক প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে, তার অতো যোগ্যতা নেই।

সম্প্রতি দেশের একটি বড় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মুশফিকুর রহিম। সেখানেই তাকে ভবিষ্যতে নির্বাচনে লড়বেন কি না, এমন প্রশ্ন করা হয়। উত্তরে হেসে দিয়ে মুশফিক বলেন যে, তার অতো যোগ্যতা নেই। এ কথা বলে নির্চাচনে লড়ার সম্ভাবনা উড়িয়ে দেন।

মুশফিকুর রহিম বাংলাদেশের সর্বশেষ সিরিজে, জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। যা টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। এ ছাড়া দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিও করেছিলেন তিনি।

বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে চট্টগ্রামে। সেখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। এরপর দুই দল উড়ে আসবে ঢাকা। মিরপুরে ৩০ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।