কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে জেলেদের জালে ধরা পড়েছে বিরাট এক পোয়া মাছ। জেলেরা জানিয়েছেন, মাছটির ওজন ৩৪ কেজি। মঙ্গলবার সকালে সেন্টমার্টিন উপকূলে জেলেদের জালে পোয়া মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করা হয় ১০ লাখ টাকায়।
জেলেরা জানান, রোববার ভোরে দ্বীপের বাসিন্দা জেলে আবদুল গণির নেতৃত্বে পাচঁ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। সাগরে জাল ফেলার অনেকক্ষণ পর সেটি তুললে একটি বড় পোয়া মাছ পাওয়া যায়। মাছটি নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।

দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ হাবিব জানান, জেলে আবদুল গণির কাছ থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী ফজল করিম মাছটি ৮ লাখ টাকায় কিনে নেন। পরে ফজল করিম চট্রগ্রামের এক ব্যবসায়ীর কাছে মাছটি ১০ লাখ টাকায় বিক্রি করেন।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটে ‘পদনা ‘ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে; যা ওষুধ তৈরিতে ব্যবহার হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। তাই বড় পোয়া মাছের দাম ও চাহিদা অনেক বেশি।
