জমে গেছে ভায়রা-ভাই জুটি; বড় সংগ্রহের পথে বাংলাদেশ


ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ সোমবার প্রথম দুই ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। সেঞ্চুরিয়ান মুশফিকের সঙ্গে গতকাল দিনের শেষভাগে জুটি বেঁধেছিলেন অধিনায়ক এবং ব্যক্তিগত জীবনে ভায়রা-ভাই মাহমুদউল্লাহ রিয়াদ। সেই জুটিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত এসে গেছে ৬৪ রান। ৫ উইকেটে ৩৬৫ রান তুলে মধ্যাহ্ণ বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৩৫* এবং মহামুদউল্লাহ ৩৫* রানে অপরাজিত আছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রবিবার প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০৩ রান তুলেছিল বাংলাদেশ। ২৬ রানে ৩ উইকেট হারানোর পর দলকে খাদ থেকে টেনে তুলেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। চতুর্থ উইকেটে গড়েন ২৬৬ রানের দুর্দান্ত জুটি। ১৫০ বলে ১২ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৭ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। দিনের খেলার শেষভাগে দলকে সুবিধাজনক অবস্থানে রেখে প্যাভিলিয়নে ফিরলেন মুমিনুল হক। তার ২৪৭ বলে ১৬১ রানের অসাধারণ ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি।

মুমিনুলের পর সেঞ্চুরি হাঁকান মুশফিকও। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরিতে পৌঁছতে ‘মি. ডিপেন্ডেবল’ খেলেন ১৮৭ বল। হাঁকান ৮টি বাউন্ডারি। মুমিনুল আউট হওয়ার পর ৬ ওভার বাকী থাকায় অধিনায়ক মাহমুদউল্লাহর পরিবর্তে উইকেটে আসেন ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলাম। ৪ রান করে জার্ভিসের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। রিভিউ জিতে তাইজুলকে প্যাভিলিয়নে পাঠায় জিম্বাবুয়ে। দিনের বাকী সময়টা দুই ভায়রা-ভাই মুশফিক-মাহমুদউল্লাহ নিরাপদে কাটিয়ে দেন।