কে এই খালেদ?

সিরিজ হার এড়াতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। রবিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

এরই মধ্যে সবার জানা হয়ে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে সৈয়দ খালেদ আহমেদের। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার ডানহাতি এই পেসার অনেক দিন ধরেই আছেন বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলে, খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলেও।

প্রথম শ্রেণি আর লিস্ট ‘এ’ ক্রিকেটে দারুণ করেছেন সিলেটের লোকাল বয়। ৩৮ ম্যাচে শিকার করেছেন ৭১ উইকেট। ২৫ বছর বয়সী এই পেসার গেল বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলে পেয়েছিলেন পরিচিতি। এইচপি দলের হয়ে সফর করেছেন ইংল্যান্ড। দলের হয়ে ভালো করায় ম্যানেজমেন্টের নজরে আসেন খালেদ।

আর ক’দিন আগেই ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ডে খেলেছেন ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। সফরে ওয়ানডেতে দেশের হয়ে সর্বাধিক ১০ উইকেট শিকারি তিনি।

খালেদ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘খালেদ এইচপি ও ‘এ’ দলে খুব ভালো বোলিং করেছে। শুধু এইচপিতেই নয়, আমি মনে করি এই মুহূর্তে সে বাংলাদেশের সেরা তিন গতিময় বোলারের একজন।’

আর নিজের প্রসঙ্গে খালদা বলেন, ‘আমার বোলিংয়ের মূল শক্তি গতি, আউট সুইং ও স্পট বোলিং। আমি চাই এসব অস্ত্র দিয়েই নিজের সেরাটা খেলতে।’