ফুটবলবিশ্বে নতুন গুঞ্জন

বেশ কিছুদিন চুপ থাকার পর জিদান অবশেষে ঘোষণা দিয়েছেন কোচিংয়ে ফিরে আসার। এরপরই গুঞ্জন উঠে, সাবেক ফরাসি ফুটবলারকে খুব ঘটা করে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই এখন প্রশ্ন উঠতে পারে তবে কি ম্যানচেস্টারের ডাগআউট থেকে হোসে মরিনহো ‘আউট’, জিদান ‘ইন’?

জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ আর ফ্রান্স দলের জার্সি গায়ে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন জিদান। বুট তুলে রেখে সফল হয়েছেন কোচিংয়েও। মাত্র আড়াই বছরে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, একটি লা লিগা ও একটি স্প্যানিশ সুপার কাপ।

কিন্তু সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে জেতার পাঁচ দিন পর সবাইকে চমকে দিয়ে রিয়ালের কোচের দায়িত্ব ছেড়ে দেন ফরাসি কিংবদন্তি। তা-ও প্রায় তিন মাস হতে চলল। কিন্তু এভাবে আর কত দিন ফুটবল থেকে দূরে থাকা যায়! কাল স্প্যানিশ একটা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি শিগগিরই কোচিংয়ে ফিরব। কারণ, এটা (ফুটবল) আমার ভালো লাগে।’

কয়েকটি ব্রিটিশ পত্রিকায় লেখাও হয়েছে, ইউনাইটেডের পরিচালনা পর্ষদ এরই মধ্যে জিদানের সঙ্গে যোগাযোগ করেছে। জিদানের এই ফেরার ঘোষণার সঙ্গে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। জিদান ইউনাইটেডের দায়িত্ব নিলে যাদের ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসতে চান, ব্রিটিশ দৈনিক মিরর এমন কয়েকজন খেলোয়াড়ের নামও লিখে দিয়েছে। সে তালিকায় আছেন টনি ক্রুস, থিয়াগো আলকানতারা, হামেস রদ্রিগেজ, এডিনসন কাভানি। ক্রুস খেলেন জিদানেরই ছেড়ে আসা ক্লাব রিয়াল মাদ্রিদে। জার্মানির বায়ার্ন মিউনিখে খেলেন হামেস। তার মতোই বায়ার্নে খেলেন আলকান্ট্রা। আর কাভানি খেলেন প্যারিস সেইন্ট জার্মেইতে।

দেখা যাক, গুঞ্জনটা শেষ পর্যন্ত কত দূর পাখা মেলে!