ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আদলে প্রথমবারের মতো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। যদিও এর আগে ছোট পরিসরে দেশের মাটিতে ভিন্ন নামে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। তবে এবার বিশ্ব তারকাদের ব্যাপক উপস্থিতি ঘটিয়ে দুবাইতে প্রিমিয়ার লিগ (এপিএল) অনুষ্ঠিত করতে যাচ্ছে আফগানিস্তান।
এপিএলে বল মাঠে গড়ানোর আগে সোমবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে প্লেয়ারস ড্রাফট। সেখানে দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে। এখনো সেই নিলাম চলছে।
এপিএল বিবৃতিতে জানা যায়, আগামী ৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। কাবুল, কান্দাহার, নাঙ্গরহর, পাকতিয়া ও বালখ এই পাঁচ দলের অংশগ্রহণে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মোট ম্যাচ সংখ্যা ২৩টি।
আফগানিস্তানের আসরটিতে অন্যান্য দলের মতো বেশ কয়েকজন তারকা ভিড়িয়েছে পাকতিয়া। ফ্রাঞ্চাইজিটিতে আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। এছাড়াও রয়েছেন ফাহিম আশরাফ-ডেলপোর্টের মতো বেশ কয়েকজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট।
একনজরে পাকতিয়ার স্কোয়াড
শহীদ আফ্রিদি, ফাহিম আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, শারফুদ্দিন আশরাফি, ক্যামরুন ডেলপোর্ট, থিসারা পেরেরা, মোহাম্মাদ শাহজাদ, ক্রিস জর্ডান, লুক রাইট, আজমত উল্লাহ ওমরজাই, রাহমুদউল্লাহ গুরবাজ, জিয়া উর রহমান ও কলাম ম্যাকলিয়াড।
