উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরে ‘এ’ লিগে গ্রুপ-১-এতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটিতে গোলের দেখা পান এমবাপ্পে। সেই সঙ্গে ১১ ম্যাচ আর ৬৯৮ মিনিট পর ফ্রান্সের জার্সিতে গোল খরা কাটান অলিভিয়ের জিরু।
প্যারিসে রোববার (৯ সেপ্টেম্বর) রাতে ম্যাচের চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কুইন্সি প্রোমেস ব্যাক হেডে বল সতীর্থকে দিতে গিয়েছিলেন কিন্তু দ্রুতই বলের নিয়ন্ত্রণ নেন ব্লেইস মাতুইদি। ফ্রান্সের এই মিডফিল্ডারের বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে জালে জড়িয়ে দেন এমবাপ্পে।
এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ফ্রান্স। ৫১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে এমবাপ্পের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি। ৬৭তম মিনিটে সমতায় ফেরে নেদারল্যান্ডস। ডান দিন থেকে তেতের বাড়ানো ক্রসে রায়ান বাবেল পা ছোঁয়ানোর পর বল আলফুঁস আরিওলাকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে পায়।
দারুণ এক গোলে নেদারল্যান্ডসের সমতা ফেরার হাসি কেড়ে নেন জিরুদ। ৭৫তম মিনিটে বাঁ দিক থেকে বাঁজামাঁ মাঁদির বাড়ানো ক্রসে ফরাসি এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট চোখের পলকে জালে জড়ায়। শেষ পর্যন্ত এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
প্রসঙ্গত, দুই ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। ১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জার্মানি। তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট শূন্য।
