জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। শোবিজে এই অভিনেত্রী দেড় যুগ ধরে অবস্থান করছেন। তবে অভিনয়ের আগে এই অভিনেত্রী গানের মধ্য দিয়ে শোবিজে প্রবেশ করেন। কুসুম ছোটবেলা থেকে সংগীত চর্চা করতেন। পরবর্তীতে অভিনয়ের ব্যস্ততার কারণে তাকে গানে পাওয়া যায়নি। তবে গেল বছর ‘নেশা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর মধ্য দিয়ে তিনি গানে ফিরেন। মিউজিক ভিডিওটি প্রকাশের পর আলোচনা-সমালোচনায় আসে। নতুন গান নিয়েও পরিকল্পনা আছে বলে জানান এই অভিনেত্রী। কুসুমের ভাষ্য, নতুন গান নিয়ে কাজ করবো।
তবে আবার কবে নতুন গান প্রকাশ করবো সেটি নিশ্চিত নই। কিন্তু গান নিয়ে কাজ করার ইচ্ছে আছে। কুসুম এখন ব্যস্ত সময় পার করছেন লেখালেখি নিয়ে। আসছে একুশে গ্রন্থমেলায় একটি ছোটগল্পের বই প্রকাশ করবেন তিনি। লেখালেখি প্রসঙ্গে কুসুম বলেন, ছোটগল্প লেখা নিয়ে এখন সময় পার
করছি। ডিসেম্বরের মধ্যে লেখা শেষ করতে হবে। অনেক যত্ন নিয়ে গল্পগুলো লিখছি। আশা করছি ভালো কিছু হবে। গ্রন্থমেলা আমাদের প্রানের মেলা। তাই এটির প্রতি অনেক বেশি আবেগ কাজ করে। সব কিছু ঠিক থাকলে আমার বইটি গ্রন্থমেলাতে পাবেন সবাই। এই অভিনেত্রী এখন অভিনয় কম করছেন। সর্বশেষ ঈদে হানিফ সংকেতের ‘শেষ অশেষ’ শিরোনামের একটি নাটকে তাকে দেখা গেছে। নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এই সময়ে এসে অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তরে কুসুম বলেন, আমি অনেক নাটকে অভিনয় করেছি। এখন আমাকে আগের মতো অভিনয় করতে হবে তেমন ভাবি না। যেন তেন নাটকে কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। যদি ভালো কোনো স্ক্রীপ্ট পাই তাহলে কাজ করার জন্য সিদ্ধান্ত নিই। দীর্ঘদিন চলচ্চিত্রেও নেই এই গ্ল্যামারকন্যা। ২০১০ সালে খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’ ছবির মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পূরস্কারও অর্জন করেন এই অভিনেত্রী। সর্বশেষ কুসুম ‘শঙ্খচিল’ ছবিতে অভিনয় করেন। গৌতম ঘোষ পরিচালিত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবি নির্মিত হয়েছে। এটিতে তিনি অভিনয় করেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। আবার কবে নতুন চলচ্চিত্রে দেখা যাবে? এই প্রসঙ্গে তিনি বলেন, নতুন চলচ্চিত্রের স্ক্রীপ্ট পাচ্ছি। কিন্তু মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছি না। আমি যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি তার সবক’টিই দর্শক গ্রহণ করেছেন। চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেছি। সুতরাং আমার এখন দায়িত্ব আরো বেশি বলে আমি মনে করি। আমার সঙ্গে যায় এমন কোনো গল্পের চলচ্চিত্র পেলে অভিনয় করতে আমার কোনো অপত্তি নেই। শোবিজে এই পর্দাকন্যার দীর্ঘ সময় পদাচারণ। আলাপনে তার কাছে জানতে চাওয়া হয় শোবিজে তার কাছের মানুষ কে? কুসুম বলেন, আমার ক্যারিয়ারের দুই বছর কিংবা পাঁচ বছরের সময় এই প্রশ্ন যদি কেউ করতো তাহলে কয়েকজনের নাম বলতে পারতাম। যেহেতু ক্যারিয়ারের লম্বা একটা সময় পার করেছি তাই কারো নাম বলতে পারছি না। কারণ এই সময়ে অনেক কিছু দেখেছি। বিভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছি। সেখান থেকে জেনেছি কারো ওপর নির্ভর করা যায় না। এই সময়ে অনেক শিল্পী কাজ না করেই আলোচনায় থাকতে চান। সংবাদ শিরোনামে আসতে চান। একটা সময় শিল্পীরা ভালো কাজের মধ্য দিয়ে আলোচনায় আসতে চাইতেন। এটিকে কুসুম কিভাবে দেখছেন? তিনি বলেন, কাজ না করেই আলোচনায় আসতে চাইলে তারা আলোচনার মধ্যেই থাকবে। দর্শকের মনে জায়গা পাবে না। দর্শকের মনে ঠাঁই পাওয়ার জন্য ভালো কাজের প্রয়োজন। এর বিকল্প কিছু নেই।
