v জি হ্যাঁ, যেহেতু আপনি আমাকে অডিও কল করেছেন, সুতরাং আমি আপনাকে শুনতে পাচ্ছি। কিন্তু হঠাত্ এ প্রশ্ন কেন? আপনি কি ভেবেছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি? অবশ্য দেখতে পারা যাবে যদি আপনি কিছু বাড়তি পয়সা খরচ করে ভিডিও কল করেন। মনে রাখবেন, এজন্য অ্যান্ড্রয়েট সেট থাকারও সমান প্রয়োজন রয়েছে। আপনার কৃপণতা সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে, আপনি বাটনওয়ালা কমদামি মোবাইল সেটই ইউজ করে থাকবেন। সুতরাং, দেখতে পারার প্রসঙ্গ অপ্রাসঙ্গিক।
v প্রথমে কিছুটা দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, আমি আপনাকেই শুনতে পাচ্ছি কি না। কারণ আমি জানি, আপনার মোবাইল সেটটি অধিকাংশ সময় আপনার গুণধর ছোট পুত্রের হাতে থাকে এবং সে অনবরত গেম খেলে। আমি টানা দুই মিনিট আপনার কণ্ঠ নিয়ে ভেবেছি এবং মনে করতে সক্ষম হয়েছি, এটি আপনারই কণ্ঠ হবে। কেননা আপনার মতো এতটা কর্কশ গলার কণ্ঠ আমি অন্য কোথাও শুনিনি। তা পর সমাচার কী বলেন।
v এই প্রশ্ন করে আপনি কী প্রমাণ করতে চান? আমি কানে কম শুনি অথবা বধির? আপনার জানা প্রয়োজন আমি আধ মাইল দূর থেকেও কিছু কিছু আওয়াজ শুনতে পারি। স্কুলে এজন্য আমি কানকাটা বদরুল নামে পরিচিতি লাভ করেছিলাম। আপনার প্রশ্নে আমি প্রচুর মাইন্ড খাইলাম। পেটটাও একটু ভরেছে, আজ রাতে ডিনার করার প্রয়োজন আছে কি না বুঝতে পারছি না।
v জি না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার অবগতির জন্য বলছি, মানুষকে শুনতে পারা যায় না, মানুষকে দেখতে পারা যায়। তবে, আপনি যদি প্রশ্ন করেন, আপনার কথা শুনতে পাচ্ছি কি না, তাহলে আমি বলব—হ্যাঁ, পরিষ্কার আপনার কথা শুনতে পাচ্ছি।
v আপনার প্রশ্ন হলো, আমি আপনাকে শুনতে পাচ্ছি কি না। এর জবাব দেওয়া মানে একটি সিদ্ধান্ত আপনাকে জানানো, সিদ্ধান্তটি হ্যাঁ কিংবা না দুটোই হওয়ার সুযোগ আছে। তবে আপনাকে বিনীতভাবে জানাচ্ছি, আমার বউয়ের কড়া নির্দেশ রয়েছে, কোনো সিদ্ধান্ত তার অগোচরে এবং তার পরামর্শ ছাড়া নেওয়া যাবে না। আপনি দুইটা মিনিট হোল্ড করেন, আমি বউয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত জেনে আসছি
