ভারতের দক্ষিণের জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়া। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী। বিশেষ করে ভারতীয় ইতিহাসের সেরা সিনেমা বাহুবলীতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। এ তারকার অনেকদিনের ইচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় পরিচালক সুন্দর সির সঙ্গে কাজ করবেন।
ক্যারিয়ারের শুরু থেকেই এই ইচ্ছে ছিল তামান্নার। কিন্তু এতদিন সেই সুযোগ হয়নি তার। অবশেষে হল অপেক্ষার অবসান। সুন্দরের পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিচালক সুন্দর সি
এ বিষয়ে তামান্না জানান, ‘সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি। ক্যারিয়ারের শুরু থেকেই সুন্দর স্যারের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি খুবই আনন্দিত কারণ অবশেষে সুন্দর স্যারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আর বিশালের সঙ্গে দ্বিতীয়বারের মতো এ সিনেমায় কাজ করব।’
অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। নাম ঠিক না হওয়া এ সিনেমায় অ্যাকশন ঘরানার কেন্দ্রীয় নারী চরিত্রে তামান্না অভিনয় করবেন বলেও জানিয়েছেন তিনি।
