কীসের জন্য এত লোভ ফেরদৌসের

কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয়ে আগ্রহী তরুণদের জন্য আয়োজন করা হচ্ছে রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড লাভলি ম্যানস ‘কে হবে মাসুদ রানা’।

যে কোনো বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। রিয়্যালিটি শো’র সঙ্গে যুক্ত আছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। রিয়েলিটি শো’তে নির্বাচিত তরুণ অভিনয় করবেন মাসুদ রানা সিরিজের নতুন চলচ্চিত্রে। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করার কাজটি করবেন বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক ফেরদৌস আর নায়িকা পূর্ণিমা।

এ বিষয়ে ফেরদৌস বলেন, বছর দশেক আগে ইমপ্রেস টেলিফিল্ম থেকে পরিচালক (বিপণন) ইবনে হাসান খান আমাকে মাসুদ রানা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।

তিনি জানিয়েছিলেন, বড় পরিসরে সিনেমাটি বানানো হবে। বিষয়টা বেশি দূর এগোয়নি। অনুমতি নিয়ে কী যেন একটা জটিলতা ছিল। তবে এটা ঠিক, মাসুদ রানা চরিত্রটি খুবই লোভনীয়। নায়কমাত্রই এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করবে।

মাসুদ রানা চরিত্রের প্রতি লোভ এখনও আছে? এমন প্রশ্নে ফেরদৌস বলেন, এই চরিত্রের প্রতি আমার লোভ ছিল, আছে এবং থাকবে। একজন নায়কের এমন চরিত্র থেকে লোভ শিফট হওয়ার কথা না।

উল্লেখ্য, দুই দশকেরও বেশি চলচ্চিত্রজীবন ফেরদৌসের। ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে আলোচনায় আসা এই নায়ক দীর্ঘ সময় ধরে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। এক দশক আগে দেশের সিনেমার জনপ্রিয় এই নায়ক প্রস্তাব পেয়েছিলেন ‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে চলচ্চিত্রে অভিনয়ের। কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয় ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে নতুন চলচ্চিত্র তৈরি হবে। আর এতে ‘মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করবেন, তার জন্য একটি রিয়্যালিটি শোর আয়োজন করা হচ্ছে। চ্যানেল আই আয়োজিত এই রিয়্যালিটি শো থেকে ‘মাসুদ রানা’কে খুঁজে বের করার দায়িত্ব পড়েছে ফেরদৌসের কাঁধে।