তাপসীর ক্রাশ ছিলেন বলিউডের যে অভিনেতা

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তাপসী পান্নু। মাঝে মাঝে বলিউডের সিনেমায়ও অভিনয় করতেন। এরপর ‘পিংক’ দিয়েই বলিউডে শেষ পেরেক ঠুকেন এ অভিনেত্রী। এখন তাপসী পান্নু পুরোপুরি বলিউডশিল্পী।

‘পিংক’ ছবি মুক্তি পাওয়ার পর গত এক বছরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই এক বছরে তাপসী নিজের বাড়ি, দামি গাড়ি, সুদৃশ্য ভ্যানিটি ভ্যান—সবকিছুর মালিক হয়েছেন।

১৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘মনমর্জিয়া’। এক সাক্ষাতকারে ছবি নিয়ে কথা বলার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন এ অভিনেত্রী। কোনো নায়ককে বিয়ে করতে চান না বলে জানিয়ে দিলেন তাপসী। রণবীর কাপুরের প্রতি যে ভালো লাগা ছিল, সাক্ষাৎকারে সেটাও এড়িয়ে গেলেন তাপসী।

প্রেম আর বিয়ে নিয়ে জানতে চাওয়া হয় তাপসীর কাছে। প্রশ্ন করা হয়, রণবীর কাপুরের প্রতি আপনার ক্রাশ ছিল, এখনো আছে? এর জবাবে তাপসী বলেন, ‘একদমই নয়। একজন অভিনেতা হিসেবে রণবীরকে আমার দুর্দান্ত লাগে। খুবই ইচ্ছা তার সঙ্গে কাজ করার। তবে ক্রাশ-ট্রাশ কিছু নয়। আমি কখনো কোনো অভিনেতাকে বিয়ে করতে চাই না। এটাই আমার সিদ্ধান্ত।’
রণবীর কাপুর

অনুরাগ কাশ্যপ পরিচালিত মনমর্জিয়া ছবিতে তাপসী পান্নুর চরিত্রের নাম ‘রুমি’। নিজের চরিত্রটি নিয়ে তাপসী বলেন, ‘আমি ৭০ ভাগ রুমির মতো। আমিও মনের কথা শুনি। আমি আমার ক্যারিয়ারের সব সিদ্ধান্ত নিজেই নিই।’

‘পিংক’, ‘নাম শাবানা’, ‘মুল্ক’ আর এবার ‘মনমর্জিয়া’। তাপসীকে বেশির ভাগ সময়ই সাহসী নারী চরিত্রে দেখা গেছে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে ধরনের চরিত্রের প্রস্তাব পাই, সেগুলো অনেকটা আমারই মতো।’