নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান ও তাসনিম আনিকা। একটি অনুষ্ঠানে ইংলিশ গান ‘উই ডোন্ট টক এনিমোর’ গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সেই ধারাবাহিকতায় আরো বেশ কয়েকটি গান উপহার দেন। এবার একসঙ্গে কণ্ঠ দিলেন মিউজিক ভিডিওতে।
যেখানে মডেল হিসেবে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী মিথিলা ও মনোজ কুমার। ঈদের বিশেষ টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’তে ব্যবহৃত হয়েছে ‘লুকোচুরি প্রেম’ গানটি। গানের পাশাপাশি পুরো টেলিছবিটিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্সে।
‘চোখাচোখি দেখাদেখি তারপর, লুকোচুরি প্রেম ভালোবাসা, এলোমেলো করে দিলো আমায়, আমি যে কতো বেশি ভালোবাসি, কী করে বোঝাবো তোমাকে’-এভাবেই সাজানো হয়েছে গানের লাইনগুলো।
গানটি এখন সবার জন্য উন্মুক্ত। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ করা হয়েছে গানের ভিডিও।
বাংলালিংক নিবেদিত রেদওয়ান রনি পরিচালিত টেলিছবিটি এরই মধ্যে প্রশংসিত হয়েছে। ‘লুকোচুরি প্রেম’ গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। নিজের সুর-সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান ও তাসনিম আনিকা। টেলিছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, নাফা প্রমুখ।
