তাদের মিসটেক

ছোট পর্দার জনপ্রিয় তারকা জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। দুজনে মিলে জুঁটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় জুটি বাঁধলেন আরো এক নাটকে।

মিসটেক শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে জাহিদ-তিশা ছাড়াও অভিনয় করেছেন নয়ন, নিকুল কুমার মণ্ডল প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে রাশেদ ও নাফিসা সুখী দম্পতি। রাশেদ অফিসে যায়, নাফিসা ঘর সামলায়। তাদের সুখের জীবনে হানা দিতে থাকে কিছু অনাকাঙ্খিত মানুষ। অনেকেই বাসা ভাড়া নেয়ার জন্য মাঝে মাঝে আসতে থাকে। হুটহাট কলিংবেল বাজতে থাকে আর মেজাজ ক্ষিপ্ত হতে থাকে রাশেদের। রাশেদের সন্দেহ জাগে তার বউয়ের উপর।

হঠাৎ একজন মেয়ে বাসা ভাড়ার জন্য আসলে নাফিসাও রাশেদকে সন্দেহ করা শুরু করে। একপর্যায়ে তারা একে অপরকে ডিভোর্স দেবে বলে সিদ্ধান্ত নেয়। কী হয় তারপর? এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মিসটেক’।

নাটকটি এখন দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল আরটিভি ড্রামা’তে। ঈদের এই বিশেষ টেলিফিল্মটি অনলাইনে বসে দেখে নেয়া যেতে পারে।