জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত বিষয়গুলো বেশ ভালোভাবেই সামলাচ্ছেন এ নায়িকা। পেশাদারিত্বের কারণে সকলের কাছে বেশ প্রশংসিত তিনি।
আনুশকার পরবর্তী সিনেমা সুই ধাগা। চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তাই তো অসুস্থতা সত্বেও সিনেমাটির প্রচার চালিয়ে যাচ্ছেন আনুশকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিরদাঁড়ার সমস্যাজনিত কারণে ঘাঁড়ে বেশ ব্যথা অনুভব করছেন আনুশকা। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছেন না তিনি। চিকিৎসক তাকে বিশ্রামে থাকতে বলেছেন কিন্তু নিষেধ অমান্য করে ব্যথা নিয়েই সুই ধাগা সিনেমার প্রচার অনুষ্ঠানে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।
আনুশকা ছাড়াও সুই ধাগা সিনেমায় অভিনয় করছেন বরুণ ধাওয়ান। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আনন্দ এল রাইয়ের জিরো সিনেমাতেও দেখা যাবে আনুশকাকে। চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
