সজল-ঊর্মিলার নাটক ‘আয়না ঘর’

অনন্যা আর দীপ্ত পরস্পরকে ভালোবাসে। দীপ্ত ধনাঢ্য পরিবারের ছেলে আর অনন্যা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাদের ভালোবাসার কথা একসময় দুই পরিবারে জানাজানি হয়। তাদের বিয়ে পাকা করার জন্য অনন্যার বাবাকে দেখা করতে বলে দীপ্তর বাবা শরাফত। দেখা করতে দীপ্তর বাবার অফিসে যায় অনন্যার বাবা জাহাঙ্গীর। কিন্তু অফিসে গিয়ে দীপ্তর বাবাকে দেখে চমকে ওঠেন। কারণ তারা পূর্ব পরিচিত।

দীপ্তর বাবার সঙ্গে অনন্যার ফুফুর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দীপ্তর বাবা তাকে ফেলে যাওয়ার কারণে সে আত্মহননের পথ বেছে নিয়েছিল। দীপ্তর বাবাকে দেখার পর সেই পুরোনো কথা মনে পড়ে যায় অনন্যার বাবার। দীপ্তর সঙ্গে অনন্যার বিয়ে দিতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে দীপ্তর বাবা ভয়ে থাকেন যদি দীপ্ত তার অতীত অপকর্মের কথা জেনে যায়, তাই তিনি অনন্যাকে অপহরণ করান। অনন্যার বাবা বাধা দেয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়।

অন্যদিকে দীপ্ত অনন্যাকে পাগলের মতো খুঁজতে থাকে। অনন্যাদের ভাড়া বাসা থেকে শুরু করে যেসব জায়গায় তারা দেখা করতে যেত সেসব জায়গায় খুঁজতে থাকে। কিন্তু অনন্যাকে কোথাও খুঁজে পায় না। একসময় দীপ্ত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর ঘটতে থাকে বিচিত্র ঘটনা।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘আয়না ঘর’। মাহবুব করিমের গল্পে এর নাট্যরূপ দিয়েছেন হাসি ইকবাল। এটি পরিচালনা করেছেন ইকবাল ইব্রাহিম পলাশ।

দীপ্ত চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। আর অনন্যা চরিত্রে দেখা যাবে ঊর্মিলা শ্রাবন্তী করকে। এছাড়াও এতে অভিনয় করেছেন আব্দুল হান্নান শেলী, শাহেলা আক্তার, লায়ন মো. জসিম উদ্দিন, মো. শাহজাহান (মিজান) প্রমুখ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।