এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপায় পাখির চোখ করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির অধিনায়ক লিওনেল মেসি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, এবার চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য সম্ভাব্য সবকিছুই তারা করবেন। তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজও বললেন একই কথা। তবে একটু অন্যভাবে। তার মতে, মেসির আরো চ্যাম্পিয়নস লিগ শিরোপা প্রাপ্য।
মেসি বার্সেলোনার হয়ে জিতেছেন সর্বোচ্চ ৩৩টি শিরোপা। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগ শিরোপা চারটি। ২০০৬, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শিরোপা জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী আর্জেন্টাইন তারকা। সুয়ারেজ মনে করেন, ৩১ বছর বয়সি ফরোয়ার্ডের আরো শিরোপা প্রাপ্য।
স্প্যানিশ রেডিও ‘আরএসি-১’কে সুয়ারেজ বলেছেন, ‘সে (মেসি) সত্যিই অনুপ্রাণিত। এখন সে অধিনায়ক, একজন নেতা এবং সে শিরোপা জিততে চায়। সবকিছু জয়ের জন্য আমাদের দারুণ একটি দল এবং একজন কোচ আছেন। তবে চ্যাম্পিয়নস লিগ বেশ কঠিন একটি প্রতিযোগিতায়। সে নিজের জন্য এটি জিততে পারবে না। দলীয় প্রচেষ্টা থাকতে হবে। আমাদের নিবিড় থাকতে হবে। লিওর আরো বেশি শিরোপা প্রাপ্য।’
শেষ পাঁচ মৌসুমে মধ্যে চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে শেষ তিনবার আবার টানা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন অর্জন যে শরীরে কাঁটা দেয়, তা অস্বীকার করেননি সুয়ারেজ, ‘অবশ্যই এটা আমাদের ক্ষিপ্ত করে। কারণ মাদ্রিদ শেষ তিন বছরে প্রতিবারই চ্যাম্পিয়নস লিগ জিতেছে। তারা ইতিহাস গড়েছে এবং এটা আমাদের দলকে কাঁটা দেয়।’
২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে বার্সা বেশ কঠিন গ্রুপেই পড়েছে। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী টটেনহাম, পিএসভি আইন্দহোভেন ও ইন্টার মিলান। সে তুলনায় কিছুটা সহজ গ্রুপে পড়েছে রিয়াল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ‘জি’ গ্রুপে রোমা, সিএসকেএ মস্কো, ভিক্টোরিয়া প্লজেনের সঙ্গে লড়বে।
