চলচ্চিত্রের একটি ভালো গল্পের আশায় আছি’

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। এই ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। নাটক প্রসঙ্গসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে—

কেমন আছেন?

ভালো।

ঈদের ছুটি কেমন কাটলো?

ঈদের আগে প্রচুর কাজের চাপ ছিল। ঈদের দিন থেকে কাজের চাপ নেই। ভালোই কেটেছে। পরিবারের সাথে অবসর সময় কাটিয়েছি।

এই ঈদে তো আপনার বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। নিজের নাটকগুলো প্রসঙ্গে কী বলবেন?

এই ঈদে বেশকিছু ভালো কাজ করতে পেরেছি। কয়েকটি নাটক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইতিবাচক আলোচনাও হয়েছে। দর্শকরা নাটকগুলো পছন্দ করেছেন এটাই বড় প্রাপ্তি।

আপনাকে ধারাবাহিক নাটকে দেখা যায় না কেন?

একক নাটকেই কাজ করতে পছন্দ করি। ধারাবাহিক নাটকে কাজ করলে একক নাটকের সিডিউল দিতে সমস্যা হয়। অনেক সময় ভালো কিছু নাটক মিস হয়ে যায়। এ কারণে ধারাবাহিকে কাজ করা হয় না। আসলে আমি গণহারে কাজ করায় বিশ্বাসী নই। কাজের মান ঠিক রেখে যতগুলো নাটকে অভিনয় করা যায় আমি ততোটাই কাজ করি।

চলচ্চিত্রে অভিনয়ের জন্য আপনি কতটা প্রস্তুত?

আমি সিনেমা নিয়ে মোটেও চিন্তিত নই। আমি চিন্তিত অভিনয় নিয়ে। কতটা মনোযোগ দিয়ে অভিনয় করা যায় সেই চেষ্টাই করছি। তবে চলচ্চিত্র নিয়ে অনেক কথা হয়েছে। চলচ্চিত্রের জন্য আমি একটি ভালো গল্পের আশায় আছি। চলচ্চিত্রের জন্য অভিনয় নয়, অভিনয়ের জন্য চলচ্চিত্র করবো। আর যে কাজটি করবো সেটি পুরোদস্তুর সময় দিয়ে করতে চাই। এজন্য হয়তো একটু সময় লাগছে।