নতুন ধারায় প্রভা

ছোট পর্দার প্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা কাজ করছেন নতুন একটি ধারাবাহিকে। নাম ‘গোল্ডেন ভাই’। ধারাবাহিকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এরইমধ্যে এটির ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে।

প্রভা থাকছেন অতি আধুনিক এক মেয়ের চরিত্রে। যার সব কিছুতে আগ বাড়িয়ে বলার স্বভাব। এমনকি আন্ডার ওয়ার্ল্ডের প্রতিও রয়েছে তার দারুণ আগ্রহ। নির্মাতা বলেন, “প্রভার চরিত্রটি বেশ মজার।”

গল্পে দেখা যাবে, আন্ডার ওয়ার্ল্ডের গোল্ডেন ভাইয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু সে সবখানে গোল্ডেন ভাইয়ের লোক বলে পরিচয় দেয়। নাটকে গোল্ডেন ভাই চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো।

এদিকে ছোট পর্দার বাইরে চলচ্চিত্রের জন্যও প্রস্তুত রয়েছেন এই গ্ল্যামারকন্যা। চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে ‘রুপবতী’ শিরোনামের একটি ছবিতে তিনি জুটি বাঁধবেন। এটি নির্মাণ করবেন অঞ্জন আইচ। গেল মে মাসে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

তবে বিভিন্ন কারণে শুটিং পিছিয়ে যায় বলে জানান নির্মাতা। প্রভা বলেন, এই ছবিটি সম্পর্কে এখন আমি আর কিছু বলতে চাই না। যখন শুটিং শুরু হবে সবাইকে জানাবো। আমি এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত আছি।