টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘ফড়িং’, ‘রাজকাহিনী’, ‘ব্যোমকেশ’ ফ্যাঞ্চাইজিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
‘ব্যোমকেশ’ ফ্যাঞ্চাইজির ‘হর হর ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ পর্ব’ সিনেমায় সত্যবতী চরিত্রে অভিনয় করেন সোহিনী। এ চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত হন এই নায়িকা। এই সিনেমা দুটি পরিচালনা করেন অরিন্দম শীল।
এই পরিচালক এবার সোহিনীকে প্রশংসায় ভাসালেন। কারণ তিনি মনে করেন, সোহিনী শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন পরিচালকও। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে অরিন্দম শীল বলেন, ‘শুটিংয়ে আমি যখন বলি তখন সোহিনী তা খুব মনোযোগ দিয়ে শোনে এবং ঠিকঠাক তাই ডেলিভারি দেয়। যদি কোনো পরামর্শ থাকে তবে সে আমার অনুমতি নিয়ে তবেই বলে। আর চিত্রনাট্য পড়ার সময় সোহিনী আমার কাছে অনেক কিছু জানতে চায়, যার জন্য সে প্রশংসার দাবিদার। এতে একজন অভিনয়শিল্পীর সম্পৃক্ততা ও লক্ষ্যে বোঝা যায়।’
‘বিদায় ব্যোমকেশ’ সিনেমাতেও সত্যবতী চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার। তবে এ সিনেমার গল্প অতীতের মতো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে নেওয়া হয়নি। ব্যোমকেশ, সত্যবতী আর অজিত চরিত্র ধার করে পরিচালক দেবালয় ভট্টাচার্য নিজেই লিখেছেন এর গল্প। এটি গত ২০ জুলাই মুক্তি পায়। এছাড়াও সোহিনী অভিনীত ‘ক্রিসক্রস’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পায়। এতে রূপা চরিত্রে অভিনয় করেছেন, যে উত্তর কলকাতার গৃহবধূ। চরিত্রটির পরতে পরতে ট্র্যাজেডির বুনোট রয়েছে।
