‘ব্যাটিংয়ে এগিয়ে বাংলাদেশ’

এশিয়া কাপের ইতিহাসে দুই বার ট্রফির দুয়ারে গিয়ে আশাহত হয়ে ফিরেছিল বাংলাদেশ। দেশের মাটিতে ২০১২ ও ২০১৬ সালে এশিয়া কাপ না জেতার হতাশাকে এবার সাফল্যের চাদরে মুড়ে দিতে চায় বাংলাদেশ। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের ১৪তম আসরে ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই খেলতে যাবে বাংলাদেশ।

শিরোপা জয়ের মঞ্চে যাওয়ার আগে এবার পার হতে হবে গ্রুপপর্ব। যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার বলেছেন, ব্যাটিং বিভাগে লঙ্কান ও আফগানদের চেয়ে ভালো বাংলাদেশ। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্যই এই বিশ্বাস এনে দিয়েছে সৌম্যর মনে।

গ্রুপপর্বের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সৌম্য। গ্রুপের তিন দলের ব্যাটিংয়ের তুলনা করতে গিয়ে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শেষে গতকাল বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘আমি অবশ্যই আমাদের সবার উপরে রাখব। সম্প্রতি আমরা যেভাবে ওয়ানডে খেলেছি তাতে আমাদের ব্যাটিং অন্য দুই দল (শ্রীলঙ্কা ও আফগানিস্তান) থেকে অনেক বেশি ভালো। আমরা যদি সেখানে গিয়ে ভালো ক্রিকেট খেলি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুই ভালো ভাবে করি তাহলে আমার মনে হয় ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

গত জুনে দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজে আফগান স্পিনারদের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সাকিব-তামিমরা। সৌম্য আশা করছেন, এশিয়া কাপে আফগান স্পিনারদের ভালোভাবে সামলাতে পারবেন। গতকাল তিনি বলেছেন, ‘ওটা টি-টোয়েন্টি ফরম্যাট ছিল। আর এটা ওয়ানডে ফরম্যাট। টি-টোয়েন্টিতে পেস বা স্পিন যাই থাকুক, রানের জন্য খেলতে হবে। আর রানের জন্য খেলতে গেলে উইকেট যাবেই। কোনোদিন সফল হবেন আবার কোনোদিন হবেন না। এটা লম্বা খেলা, ৫০ ওভারের খেলা। একটা বোলারকে আপনি দেখার সময় পাবেন। টি- টোয়েন্টিতে সেটা পাবেন না। অবশ্যই এটা নিয়ে আমরা চিন্তা করেছি যে কি ঘাটতিগুলো ছিল, কোচের সঙ্গেও কথা বলেছি। সবকিছু মিলিয়ে আমরা আশাবাদী যে ওদের স্পিনাররা সফল হবে না আমাদের বিপক্ষে।’

গুঞ্জন আছে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এশিয়া কাপের দলে ঠাঁই পেতে পারেন সৌম্য। সেক্ষেত্রে টপঅর্ডার নয় লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে হতে পারে এই তরুণকে। সৌম্য বলছেন, দলের প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিবেন।

পরিবর্তিত ব্যাটিং অর্ডারে খেলতে পারবেন কিনা জানতে চাইলে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেখানে খেলে দলকে জেতাতে পারি বা দলকে সাহায্য করতে পারি তাহলেই হলো। তাই আমি ওপেন করি বা সাতে খেলি আমার কাজ হবে পারফর্ম করা। আর আমি পারফর্ম করলে দলেরও সাহায্য হবে। এই ব্যাপারে আমি কিছু জানি না। যদি ওখানে আমাকে খেলতে হয়, তাহলে আমি চেষ্টা করব পরিস্থিতি বুঝে খেলার।’

‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে রান পেয়েছেন সৌম্য। ছন্দ ফিরে পেতে ব্যক্তিগতভাবেও অনুশীলন করছেন তিনি। গতকাল তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে তো অবশ্যই কাজ করেছি। কোচের সঙ্গে তো অনুশীলন হচ্ছেই, এছাড়া ব্যক্তিগতভাবে স্কিলের অনুশীলন করছি। আমার যেখানে ঘাটতি আছে মনে হয়, যেখানে আমি আউট হচ্ছি; সেটা নিয়ে যতটুক সময় পাচ্ছি অনুশীলন করে যাচ্ছি।’