৩৫-এ পা রাখলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। পুরনো সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন শচীন টেন্ডুলকার। একসঙ্গে আইপিএলে খেলেছেন দু’জনে মুম্বাই ইন্ডিয়ান্সে। দেশের হয়ে বহুবার মালিঙ্গাকে সামলেছেন শচীন। এক টুইট বার্তায় মালিঙ্গার জন্মদিনে শচীন মজা করে লিখলেন, ‘মালিঙ্গা যখনই আমাকে বল করতে আসত। আমি বলতাম। চুলের দিকে নয়। বলের দিকে তাকাতে হবে আমাকে। শুভ জন্মদিন। আমার বন্ধু।’
নিত্যনতুন হেয়ারস্টাইলের জন্য বিখ্যাত ছিলেন মালিঙ্গা। গোটা মাথা ভর্তি ছিল ঝাঁকড়া চুল। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। দুরন্ত ইয়র্কার দিতে পারতেন। তার ইয়র্কারে বহু বাঘা বাঘা ব্যাটসম্যান বোকা বনে গেছেন। বোলিং স্টাইল ছিল অদ্ভূত।
একদিনের ম্যাচে ৩০১ উইকেট নিয়েছেন মালিঙ্গা। টি২০ তে ৬৮ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট। ৩০ টেস্টে মালিঙ্গা পেয়েছেন ১০১ উইকেট।
২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মালিঙ্গার। ওইবছরই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক। কিন্তু এখন ছন্দে নেই মালিঙ্গা। শেষবার দেশের হয়ে খেলেছেন প্রায় সাত মাস আগে, ভারতের বিরুদ্ধে। মুম্বাই ইন্ডিয়ান্সও মালিঙ্গাকে আর রাখেনি। কিন্তু মেন্টর হিসেবে মুম্বাইয়ের ডাগআউটে দেখা গেছে তাকে। তাই শচীনের সঙ্গে বন্ধুত্বটাও বেশ গভীর। সেকারণে জন্মদিনে মালিঙ্গাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি শচীন। আর শচীনের এই মজার কথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
